মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে অবশেষে যুদ্ধবিরতি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র-ইরান। দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হয়েছে। হরমুজ প্রণালি চুক্তিতে একটি ফাঁক রয়ে যাওয়ায় চটেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গুরুত্বপূর্ণ এই রুটটি দিয়ে জাহাজ চলাচলে ফি আরোপের বিরুদ্ধে ইরানকে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
সোমবার (১৫ জুন) জি৭ শীর্ষ সম্মেলন শুরু যোগ দেওয়ার আগে এই বার্তা দেন তিনি। ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌরুটটিতে জাহাজ চলাচলে কোনো ফি ধার্য না করা হয়, সেজন্য সবকিছু করা উচিত।
এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ঘোষণার ঠিক আগে তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কাঠামো চুক্তিতে সামুদ্রিক পরিষেবা ফি আরোপের একটি ধারা যুক্ত করেছে।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অধীনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের পরিবর্তে সামুদ্রিক পরিষেবা ফি ধার্য করবে ইরান।
উল্লেখ্য, ইসরায়েল এই চুক্তির আনুষ্ঠানিক অংশ নয় এবং তারা এতে স্বাক্ষরও করছে না। যদিও এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে রবিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের নতুন হামলার ঘটনায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে অনেকের আশঙ্কা, পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলে সদ্য হওয়া এই সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে।




