পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা বলছে, বৃহস্পতিবার ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই হুঁশিয়ারি দেয়।
এক বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে নিরাপদ যাতায়াতের জন্য ইরান নির্ধারিত সামুদ্রিক রুট ব্যবহার করতে হবে। অন্যথায় তাদের পরিণতি ভোগ করতে হবে।
বিবৃতিতে কঠোর ভাষায় বলা হয়, হরমুজ প্রণালি আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়; এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের আওতাধীন এলাকা। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাব সশস্ত্র বাহিনী দ্রুত ও দৃঢ়ভাবে দেবে।
আরও বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা ইসলামী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর লাল রেখা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর তেহরান কার্যত হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। এর ফলে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।





