‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি)-২০২৬’ প্রতিযোগিতায় বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিকস (সিএআইআর) দ্বারা পরিচালিত ইউআইইউ মার্স রোভার টিম ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে। এশিয়ার ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে এটি একটি অনন্য অর্জন হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত ২৭ থেকে ৩০ মে ২০২৬ যুক্তরাষ্ট্রের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউ মার্স রোভার টিম ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবারের মতো এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। চার দিনব্যাপী চূড়ান্ত রাউন্ডে বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং—এই চারটি মিশনই সফলভাবে সম্পন্ন করেছে। বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে এসব মিশনে নিজেদের সক্ষমতা ও পরিচালন দক্ষতা প্রমাণ করেছে ইউআইইউ মার্স রোভার। ইউআইইউ মার্স রোভার টিম ইউআরসি-২০২৬ প্রতিযোগিতায় সর্বমোট ৪০৪.৪৪ পয়েন্ট পেয়ে বিশ্বের শীর্ষ রোভার দলগুলোর মধ্যে তৃতীয় এবং এশীয় দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এ ছাড়া প্রতিযোগিতার পোডিয়ামে স্থান পাওয়ার পাশাপাশি দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম’ স্বীকৃতি লাভ করেছে। চূড়ান্ত ফলাফলে যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব এসঅ্যান্ডটি মার্স রোভার ডিজাইন টিম ৪৬৯.৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার ৪১২.৪১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান এবং বাংলাদেশের ইউআইইউ মার্স রোভার টিম ৪০৪.৪৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে। এই প্রতিযোগিতায় প্রাথমিকভাবে সারা বিশ্ব থেকে মোট ১১৬টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। বিভিন্ন পর্যায়ের মূল্যায়ন প্রক্রিয়ার পর যুক্তরাষ্ট্রের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মাত্র ৩৮টি দলকে নির্বাচিত করা হয়। ইউআইইউ মার্স রোভার টিম শুধু বিশ্বের সেরা দলগুলোর মধ্যেই যোগ্যতা অর্জন করেনি, বরং শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশে, যেমন—যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, ইতালি, জাপান, মেক্সিকো ও তুরস্ক থেকে মোট ৩৮টি দল গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়। অন-সাইট ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ২০ বছরের ইতিহাসে ইউআইইউ মার্স রোভার টিম প্রথম এশীয় দল হিসেবে বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ পোডিয়ামে স্থান করে নিয়েছে। ইউআইইউ মার্স রোভার টিমের পরামর্শক হিসেবে ছিলেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. সুমন আহমেদ। টিমের মেন্টর হিসেবে ছিলেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন। ইউআইইউ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিকসের ৯ জন শিক্ষার্থীর একটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রকল্পের টিম লিডার হিসেবে ছিলেন শাইফ আল শাদ। এ ছাড়া সিনিয়র লিডে মো. মোসফিকুর রহমান, কো-টিম লিডে শেখ সাকিব হোসেন, মেকানিক্যাল টিম লিডে সিয়াম ইবনে সারওয়ার, অটোনোমাস টিম লিডে মো. সালমান কবির চৌধুরী, সায়েন্স টিম লিডে আয়েশা আক্তার সায়মা, কমিউনিকেশন টিম লিডে সাব্বির আহমেদ, মেকানিক্যাল টিম মেম্বার হিসেবে মো. মিমতিয়াজে ইসলাম হিমেল এবং কমিউনিকেশন টিম মেম্বার হিসেবে মোহাম্মদ তাম্মায় নেতৃত্ব দিয়েছেন। রোবটিকস, স্বায়ত্তশাসিত ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমবেডেড সিস্টেম ও মেকানিক্যাল ডিজাইনে উন্নত গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দলটি বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে।
বিজয়ী দলকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বরণ করার পাশাপাশি ঐতিহাসিক অর্জনের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে ৭ জুন ২০২৬ ইউআইইউ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউআইইউয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোকাদ্দেম, আইএআরের নির্বাহী পরিচালক ও প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান এবং ইউআইইউ মার্স রোভার টিমের মেন্টর ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ইউআইইউ স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অফিসের পরিচালক আবু সাদাত।