বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন। আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই অনুষদের স্নাতক শিক্ষার্থী মো. তানভীর আনজুম।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে শাখা সভাপতি নির্বাচন এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা।
সংগঠনটির দাবি, কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে আব্দুল্লাহ আল মঈন সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি তাঁকে সাংগঠনিক শপথবাক্য পাঠ করান।
এরপর সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মঈন শাখা সাধারণ সম্পাদক হিসেবে মো. তানভীর আনজুমকে মনোনয়ন দেন।
প্রসঙ্গত, নবগঠিত এ কমিটি ২০২৬ সালের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করবে।





