দাপ্তরিক ব্যস্ততার মাঝেও নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ। শুধু পরিদর্শন নয়, অনেক সময় তিনি শ্রেণিকক্ষে গিয়ে নিজেও পাঠদান করেন, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যুক্ত হন।
সোমবার (১৫ জুন) সকালে তিনি চামরদানী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি ইংরেজি ক্লাস নেন। হঠাৎ একজন ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীরা বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টাব্যাপী ক্লাসে তিনি ইংরেজি বিষয়ের বিভিন্ন বিষয় সহজভাবে উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষায় উৎসাহিত করেন।
শিক্ষার্থীরা জানায়, ইউএনও স্যার খুব সুন্দরভাবে ক্লাস নিয়েছেন। প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি পাঠ সহজ করে বুঝিয়েছেন এবং কীভাবে সহজে বিষয়গুলো মনে রাখা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। ক্লাসটি ছিল শিক্ষণীয় ও আনন্দদায়ক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও তিনি যেভাবে শ্রেণিকক্ষে এসে পাঠদান করেছেন, তা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।
ইউএনও সঞ্জয় ঘোষ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াতে আমি আনন্দ পাই। জ্ঞান বিতরণের মতো তৃপ্তি আর কিছুতে নেই। শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিদ্যালয়ের সমস্যাগুলো সরাসরি জানার সুযোগ হয়। উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে শিক্ষা খাতে সামান্য অবদান রাখতে পারাও আমার জন্য গর্বের বিষয়।






