• ই-পেপার

কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

ঈশ্বরদীতে আর্জেন্টিনার সমর্থকদের মোটর সাইকেল শোডাউন

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে আর্জেন্টিনার সমর্থকদের মোটর সাইকেল শোডাউন
ছবি: কালের কণ্ঠ

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর উল্লাসে গনজোয়ারে পাবনার ঈশ্বরদীতে প্রিয়দল আর্জেন্টিনার সমর্থক ও মেসির ভক্তরা পতাকা নিয়ে বিশাল শুভাযাত্রা করেছে।

সোমবার (২২ জুন) বিকেলে পৌর শহরের রেলগেট এলাকা থেকে জার্সি পরে পতাকা নিয়ে কয়েকশত মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও শোডাউন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। 

এর দুদিন আগে ব্রাজিল সমর্থকরা শহরে মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেন। ব্রাজিল সমর্থক ভক্তদের মোটর সাইকেল শোডাউন দেখার পর  প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য বহিঃপ্রকাশ ঘটাতে এই শোডাউন করা হয়।

বিকেলে রেলগেট থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজার, পোস্টঅফিস মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনটি শহর ঘুরে রেলগেটে এসে  শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

র‍্যালিতে ও শোডাউনে ব্যান্ড পার্টির সুরে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শত শত মোটরসাইকেলের সঙ্গে বাঁধা পতাকাগুলো শহরবাসীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

আর্জেন্টিনা সমর্থক বিশাল জানান, তাদের বিশ্বাস আর্জেন্টিনা আগের আসরের মতো এবারও শিরোপা জয়ের দৌড়ে শক্ত অবস্থানে থাকবে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

শোডাউনে অংশ নেওয়া অমিত, রঞ্জন কুমার, শাহিনুর রহমান বাঁধন জানান  ঈশ্বরদীর মাটি, আর্জেন্টিনার ঘাঁটি। তাদের বিশ্বাস, প্রিয় দল এবারও সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে। আকাশি-সাদা প্রতিক সম্বলিত পতাকা আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ও আবেগের অনন্য প্রতীক।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়ক থেকে এ মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে একটি ব্যানারে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা আশিক আব্দুল্লাহর ছবি ছিল বলেও দাবি করা হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মশাল মিছিলের ভিডিওটি আমিও দেখেছি। ওই মিছিলটি অন্য কোথাও হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার থানা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সচেতন রয়েছি এবং বেশ কয়েকটি টিম কাজ করছি যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো মিছিল না করতে পারে।’

জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী (১৫) কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুস ছালাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার (২২ জুন ) দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আব্দুস ছালাম উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন ওই কিশোরীর মা চিকিৎসার জন্য ঢাকায় যান। বাড়িতে কিশোরী একা ছিল। এই সুযোগে আব্দুস ছালাম কিশোরীকে গত ১৭ জুন বিকেল ৪টার দিকে জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত ছালাম ঘটনাটি কাউকে না বলার জন্য মেয়েটিকে ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে মেয়েটির মা চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর গত ২০ জুন বিষয়টি তার মাকে জানায়। পরদিন মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই আব্দুস সালামকে গ্রেপ্তার করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে পাবনা আদালতে পাঠানো হয়েছে।
 

বারহাট্টায় নিজ বাড়ির গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
বারহাট্টায় নিজ বাড়ির গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

নেত্রকোনার বারহাট্টায় বাড়ির গর্তে জমে থাকা পানিতে পড়ে জান্নাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার বাউশী ইউনিয়নের পূর্বমোয়াটি এ ঘটনা ঘটে। জান্নাত ওই গ্রামের বাসিন্দা আলমের মেয়ে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে শিশু জান্নাত বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা একটি গর্তের পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বাড়ির পাশে থাকা একটি গর্তটিতে বৃষ্টির পানি জমেছিল।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি খুবই হৃদয়বিদারক। ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।