সাভারের আশুলিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিদেশ সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার ভোর রাতে গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার দশুলিয়া গুচ্ছগ্রাম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিদেশ সরকার ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের মৃত বাবুলাল সরকারের ছেলে। তিনি তামা-কাশার দোকানে কাজ করেন, পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করেন বলে জানান স্থানীয়রা।
র্যাব জানায়, আশুলিয়ার লালারটেক এলাকার ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রতিবেশী বিদেশ সরকারের ছেলের সঙ্গে শিশুটি খেলতে যায়। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বিদেশ সরকার শিশুটিকে পাশের রণজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি তার পরিবারের সদস্যদের ঘটনা জানালে তার বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্তের মাধ্যমে র্যাব-৪, র্যাব-১ এবং র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানে গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানাধীন দশুলিয়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
অন্যদিকে শেরপুর সদর থানায় দায়েরকৃত শিশু অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি নাজিম মিয়াকে (২০) র্যাব-৪ এর সহযোগিতায় আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। তবে এ ঘটনায় অপহৃত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তরের পাশাপাশি অপহৃত শিশুটিকে উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।




