রংপুরে এইচএসএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রবিবার (২৮ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইনের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী তিন দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কারাগার থেকে সাকিনকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা আদালতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও ডিজিটাল আলামত উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে। তারা দাবি করেন, রিমান্ডের প্রয়োজন নেই।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ জুন রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান। পরদিন তার বাবা নজরুল ইসলাম কোতোয়ালি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে পুলিশ সাকিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, তদন্তে পাওয়া তথ্যে দেখা যায়, গত ১৬ জুন রাত সাড়ে ৩টার দিকে সাকিন ও নুজশাত ৫০ মিনিট ১২ সেকেন্ড ফোনে কথা বলেন। গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার ফোনালাপ এবং অসংখ্য মেসেজ আদান-প্রদান হয়েছে। এসব তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, আত্মহত্যায় প্ররোচনার প্রয়োজনীয় আইনি উপাদান এজাহারে নেই। দুটি মোবাইল ফোনই পুলিশের কাছে রয়েছে। তাই রিমান্ডের প্রয়োজন ছিল না। রিমান্ড শেষে তারা আবার জামিনের আবেদন করবেন।
এদিকে নুজশাতের পরিবার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। পুলিশ বলেছে, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





