ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে মসজিদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের পরের দিন মো. তামিম মিয়া (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী নিশাই সরকার পুকুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. তামিম আট নম্বর ওয়ার্ড শিলাসী মহিলা কলেজ এলাকার কুয়েতপ্রবাসী মো. রনি মিয়ার একমাত্র ছেলে ও গফরগাঁও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তামিম সোমবার দুপুর ১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে সহপাঠী অন্য শিশুদের সঙ্গে নিশাই সরকার মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও তামিম বাড়ি যায়নি। পরে স্বজনরা পুকুর পাড়ে এসে তামিমের জুতো জোড়া পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করেন এবং পুকুরে খোঁজতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও জাল দিয়ে খুঁজেও সন্ধান না পেয়ে রাত হয়ে যাওয়ায় চলে যায়। মঙ্গলবার (৩০ জুন) সকালে পুকুরঘাটের সামনে তামিমের মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
নিহত তামিমের মা শিল্পী আক্তার সন্তানের জুতো জোড়া বুকে চেপে বিলাপ করে বলেন, ‘বাজান ১০টা টেহা লইয়া যাওয়ার সময় কইছে মা তুমি গোস্ত পোলাও রান্ধ আমি গোসল কইরা আইয়া খাইবাম। আল্লাহ্গো অহন কেডায় গোস্ত পোলাও খাইব? কেডায় আমারে মা ডাকব?’
গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান সেখ বলেন, ‘খবর পেয়ে অফিসার পাঠিয়েছি। বিষয়টি মানবিক বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’






