গাজীপুরে দুই সন্তানকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাইয়ুম মীর (৪৬) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩৪) বাদী হয়ে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত কাইয়ুম মীর সদর উপজেলার ধলিপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মীর বাদলের ছেলে। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে ওই নারী উল্লেখ করেন, গত ২৪ জুন রাতে ১৩ বছরের মেয়ে এবং ৪ মাসের শিশু পুত্রকে নিয়ে ঘরে শুয়েছিলেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত কাইয়ুম নির্যাতিতার বাড়িতে গিয়ে দাবি করেন, রাজনৈতিক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসেছে। তিনি পালিয়ে এসেছেন। ওই রাতে তার ঘরে আশ্রয় চান। স্বামী প্রবাসে থাকায় রাজি হননি তিনি। অনেক অনুনয়-বিনয় করার পর মানবিক কারণে তাকে ঘরে আশ্রয় দেন ভুক্তভোগী। পরে রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত তাকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারালো বটি ভুক্তভোগীর ৪ মাস বয়সী শিশুপুত্রের গলায় ধরে তাকে হত্যা এবং ১৩ বছর বয়সী মেয়ের ক্ষতি করার হুমকি দেন। এক পর্যায়ে সন্তানদের প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন কৃষক লীগের ওই নেতা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কাইয়ুম মীরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





