• ই-পেপার

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বগুড়া

কম্পিউটার অপারেটরের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর

বগুড়া প্রতিনিধি
কম্পিউটার অপারেটরের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর
সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী। কলেজের এক খণ্ডকালীন কম্পিউটার অপারেটরের মাধ্যমে ফরম পূরণ করলেও তারা প্রবেশপত্র পাননি। ফরম পূরণের নামে প্রতারণা করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। গতকাল বুধবার থেকে ব্যক্তি পলাতক রয়েছেন। 

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা 

জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজ থেকে তিন বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে না পারা মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীকে অতিরিক্ত টাকার বিনিময়ে ফরম পূরণের আশ্বাস দেন কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। প্রায় দুই মাস আগে ওই শিক্ষার্থীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা করে নেন।

গত ২৪ জুন কলেজের অন্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে দেওয়া হয়নি। সে সময় শাওন শিক্ষার্থীদের জানান, দেরিতে ফরম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আসতে কিছুটা সময় লাগবে। এরপর ২৮ জুন কলেজের বিদায় অনুষ্ঠান চলে গেলেও তারা প্রবেশপত্র পাননি। ৩০ জুন ও ১ জুলাই দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন শাওন। একপর্যায়ে ১ জুলাই (বুধবার) রাত নয়টার পর থেকে মুঠোফোন বন্ধ করে নিখোঁজ তিনি। গতকাল বিকেল পর্যন্ত কলেজে অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরীক্ষা না দিতে পেরে বৃহস্পতিবার সকালে কলেজের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. সম্রাট সরকার বলেন, ‘শাওন আমাদের বলেছিল সে কলেজের স্টাফ, স্যারদের বলে সব ব্যবস্থা করে দেবে। এই বিশ্বাসে আমরা তাকে টাকা দিই। কিন্তু সে শুধু আজকে-কালকে বলে ঘুরাচ্ছিল। বুধবার দুপুরের দিকে কলেজে এসে যখন প্রিন্সিপাল স্যারকে জানাই, স্যার বলেন, এখন আর কিছু করার নেই। কলেজ কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া স্টাফ যদি এই প্রতারণা করে, তবে এর দায় কি কলেজ এড়াতে পারে? আমাদের একটা বছর নষ্ট হয়ে গেল, আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আরেক ভুক্তভোগী শিক্ষার্থী মো. হাসর বলেন, ‘ফরম পূরণের সময় পার হয়ে যাওয়ায় আমি চিন্তিত ছিলাম। তখন শাওন নিজ থেকেই স্যারদের সঙ্গে কথা বলে কাজ করে দেওয়ার আশ্বাস দেয় এবং ৪ হাজার টাকা নেয়। পরে কার্ড চাইলে বলে একটু সময় লাগবে বলে জানান। এমনকি সে রাজশাহী শিক্ষা বোর্ডে আছে— এমন ভিডিও পাঠিয়েও আমাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে। কিন্তু গতকাল রাত থেকে তার ফোন বন্ধ। আমার মতো কোনো শিক্ষার্থী যেন আর এমন প্রতারণার ফাঁদে না পড়ে।’

এ বিষয়ে জানতে চাইলে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি বুধবার বিকেলে জানতে পেরেছি। দুজন শিক্ষার্থী এসে আমাকে জানালে আমি তাদের বলি যে আমাদের কলেজের সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। ফরম পূরণের জন্য আলাদা কমিটি আছে, হাতে কোনো টাকা নেওয়া হয় না। শাওন এখানে খণ্ডকালীন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করত। ঘটনার পর তাকে ফোন দেওয়া হলেও সে রিসিভ করেনি, এখন ফোন বন্ধ।’

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরো বলেন, ‘শিক্ষার্থীরা যদি অন্তত দুই দিন আগেও বিষয়টি আমাদের জানাত, তাহলেও বোর্ডের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করা যেত। একেবারে শেষ মুহূর্তে জানানোয় অফিসিয়ালি আর কিছু করার ছিল না। মহাস্থান কলেজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এখানে এমন ঘটনা নজিরবিহীন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে চূড়ান্ত আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 

লালপুরে মাদকসহ আটক ১

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে মাদকসহ আটক ১
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত (১ জুলাই) রাত ১টা ৩০ মিনিটে উপজেলার দূড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নি.) মো. মনিরুল ইসলাম, এসআই (নি.) মো. শাহিনুর রহমান এবং এএসআই (নি.) মো. আনছার আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান। অভিযানকালে নওপাড়া গ্রামের বাসিন্দা মো. শাকিল সরদারকে (৩৫) নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২.৫০ গ্রাম।

পুলিশ আরো জানায়, দীর্ঘদিন ধরে শাকিল সরদার এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয় এবং অবশেষে অভিযানের মাধ্যমে তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে বৃহস্পতিবার (২ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। যেই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্রর সংঘর্ষে স্কুলছাত্র নিহত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্রর সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে বাগেরহাট-ফকিরহাট আন্তঃজেলা সড়কের সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে রাজ বাগেরহাট থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে রণবিজয়পুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহত রাজ বাগেরহাট জেলার সুন্দরঘোনা এলাকার সুলতান শেখের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে। তবে সংঘর্ষের পর মাহেন্দ্রর চালক যানবাহনটি নিয়ে পালিয়ে যান।

পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক মাহেন্দ্রর চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

চুরি ঠেকাতে পুকুরের চারপাশে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, ভ্যানচালকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
চুরি ঠেকাতে পুকুরের চারপাশে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, ভ্যানচালকের মৃত্যু
সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে মাছের পুকুরের মাছ চুরি ঠেকাতে অরক্ষিত বিদ্যুৎ সংযোগের জিআই তারে জড়িয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হলেও কৃষিকাজও করতেন। তার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুরে মাছ চাষ করয় চুরি ঠেকাতে আলোর ব্যবস্থা করতে বাঁশের খুঁটির সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। খুঁটি স্থির রাখতে চারপাশে জিআই তার টাঙানো ছিল। দীর্ঘদিন ধরে ওই জিআই তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। ঘাস কেটে ফেরার পথে পুকুরপাড়ে মাটিতে থাকা বিদ্যুতায়িত জিআই তার তার পায়ে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা দাবি, একই বিদ্যুতায়িত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও দায়িত্বশীলরা কোনো ব্যবস্থা নেয়নি। এবার প্রাণ গেল মানুষের।

নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস বলেন, ‘আমার ভাই গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। পুকুরপাড়ে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার পায়ে জড়িয়ে সে মারা গেছে। আগেও একই তারে তিনটি কুকুর মারা গেছে। তারপরও তারা ব্যবস্থা নেয়নি। এ মৃত্যুর জন্য দায়ীদের বিচার চাই।’

পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন,‘ পুকুরটি লিজ দেওয়া ছিল। লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, তা জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

এ ঘটনায় পুকুর লিজগ্রহীতার দাবি, রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল এবং সকালে তা খুলে ফেলার কথা। হয়তো অসাবধানতাবশত সেদিন সংযোগ খোলা হয়নি, অথবা অন্য কোনো কারণে তারে বিদ্যুৎ চলে এসেছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’