• ই-পেপার

বগুড়া

কম্পিউটার অপারেটরের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর

দামুড়হুদায় যুবলীগ কর্মী নজরুল আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় যুবলীগ কর্মী নজরুল আটক
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী নজরুল মেম্বারকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক নজরুল মেম্বার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আমির হামজা বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ২টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে নজরুল মেম্বারকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে গ্রেপ্তার ২

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

দিনাজপুরের হাকিমপুরে এক যুবককে অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। অপহৃতকে উদ্ধার করে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অফিসের কাজের কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে জীবনান্দ সরকার নামে এক যুবককে অপহরণ করা হয়। পরে তাকে এক আসামির বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগে বলা হয়, মুক্তিপণ না দিলে ভিকটিমকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে জোরপূর্বক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তিনটি ফাঁকা চেক এবং ১০০ টাকা মূল্যমানের ছয়টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। পরে তাকে হিলি চারমাথায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার একটি অফিসকক্ষে আটকে রাখা হয়।

খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত মো. ইউসুফ আলী (২৮) ও মো. মোজাম্মেল হোসেন মুকুলকে (৪৫) গ্রেপ্তার করে।

এ ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্বাক্ষর গ্রহণের অভিযোগে হাকিমপুর থানায় মামলা নং-০১/১৩৭, তারিখ ১ জুলাই ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৬৫/৩৮৬/৩৮৭/৩৪২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটির তদন্ত কমকতা হাকিমপুর থানার এসআই (নি.) মো. শামীম মিয়া  জানান মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হাসপাতালে কোনো অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না : জালাল উদ্দীন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হাসপাতালে কোনো অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না : জালাল উদ্দীন
ছবি : কালের কণ্ঠ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বলেছেন, হাসপাতালে কোনো অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

তিনি বলেন, চিকিৎসকদের যথাসময়ে হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগে সব সময় এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি থাকতে হবে। রোগীদের প্রতি অসদাচরণ ও দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে হাসপাতাল পরিচ্ছন্ন রাখা এবং দালালমুক্ত করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে সংসদ সদস্য জালাল উদ্দীন বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন শিগগিরই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে পরিবর্তন আনছে।

তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতসহ সব ধরনের নাগরিক সেবা কার্যকর করতে হবে। দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযাচিত আনাগোনা বন্ধ করতে হবে। রোগী এলে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে রেফার করার ব্যবস্থা রাখতে হবে। এ বিষয়ে নিয়মিত নজরদারি থাকবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জাইদুল, মো. সামসুল হক চাঁন মিয়া, মো. মাহফুজুর রহমান মিঠু, মো. শফিকুল ইসলাম ফুলুসহ অনেকে।

চাটমোহরে যুবদলের ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহরে যুবদলের ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সংগৃহীত ছবি

পাবনার চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপ পরিচালনার জন্য তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-স্ব পদে বহাল করা হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার বিষয়ে উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফারুক হোসেন বলেন, ‘দলের জন্য আমার যে ভূমিকা ছিল, যে ত্যাগ ছিল এটা সব চাটমোহর উপজেলার মানুষ জানে। আমি দলকে ভালোবেসে আবারও আগের মতো করে এগিয়ে যেতে চাই।’

তিনি আরো বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারে আমার কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’