ময়মনসিংহের গৌরীপুরে এক পিকআপ চালককে পিটিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক টেরা সোয়েব মুন্সিকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবিরোধী নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোয়েব মুন্সিকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে আরো বলা হয়, বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা ও আইন শৃঙ্খলাবাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুন রাত ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের সতীশা এলাকায় বাসস্ট্যান্ডে বসা ছিলেন স্থানীয় আজিজুল ইসলামের ছেলে পিকআপচালক মানিক মিয়া (৪৪)। সে সময় তাকে অস্ত্রের মুখে উঠিয়ে নেয় সোয়েব মুন্সি। পরে সড়কের পাশেই একটি জায়গায় নিয়ে রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মানিক মারা যায়।





