• ই-পেপার

রাতে মেট্রোর সময় বাড়ছে, মার্চে যাবে কমলাপুর

পাওনা টাকার জেরে তিনজনকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
পাওনা টাকার জেরে তিনজনকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন একজনের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর বনানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত সুমন মিয়া (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় তার মৃত্যু হয়।

বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন।

এর আগে গত শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে চারটার দিকে মহাখালী ওয়ারলেস গেট শিশু মেলা স্কুলের সামনে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। এতে একই পরিবারের এক নারীসহ তিনজন গুরুতর আহত হন। নিহত সুমন মিয়া ছাড়া বাকি আহত ব্যক্তিরা হলেন তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)। তারা মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।

জানা গেছে, আহত সোনিয়া স্থানীয় আরিফ নামের এক ব্যক্তির কাছে দুই লাখ টাকা পেতেন। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটনার রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন মিলে তাদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে মারা যান সুমন।

এসআই মো. জানে আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উত্তরায় দুই ট্রেনের মাঝে পড়ে প্রাণ গেল দিনমজুর নারীর

নিজস্ব প্রতিবেদক
উত্তরায় দুই ট্রেনের মাঝে পড়ে প্রাণ গেল দিনমজুর নারীর

রাজধানীর উত্তরায় দুই ট্রেনের মাঝে পড়ে শাহনাজ বেগম (৫৫) নামে এক দিনমজুর নারীর মৃত্যু হয়েছে। রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

সোমবার (২৯ জুন) রাতে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

নিহত শাহনাজের ছেলে সুজন বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে এসে মায়ের মরদেহ পাই। মা দিনমজুরের কাজ করতেন। উত্তরার আজমপুরে ঢালাইয়ের কাজ শেষে বাসায় ফিরছিলেন। আজমপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুদিক থেকে দুটি ট্রেন আসা-যাওয়ার মাঝে পড়েন তিনি।

উল্লেখ্য, শাহনাজ বেগম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার (মৃত) মিলন মিয়ার স্ত্রী। তিনি টঙ্গী রেলগেট এলাকায় থাকতেন।

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা, গণবিজ্ঞপ্তি
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে রাজধানীর কেন্দ্রগুলো ঘিরে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিশেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এক গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।

এই আদেশ ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

গেণ্ডারিয়ায় ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল চালকের

অনলাইন ডেস্ক
গেণ্ডারিয়ায় ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল চালকের
সংগৃহীত ছবি

রাজধানীর গেণ্ডারিয়ায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম গোলাম মোস্তফা (৫২)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মো. শুরু হাওলাদারের ছেলে।

জানা গেছে, দুর্ঘটনায় আহত মোস্তফাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সকালে গেণ্ডারিয়া ঘুণ্টিঘর এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা আমার বাবার রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে বাবা গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।