• ই-পেপার

ক্রিশ্চিয়ানো রোনালদো কি সত্যিই বিপাশাকে চুমু খেয়েছিলেন?

শ্রীলঙ্কায় হানিমুনে নীলা, রোমান্টিক মুহূর্ত ভাইরাল

বিনোদন ডেস্ক
শ্রীলঙ্কায় হানিমুনে নীলা, রোমান্টিক মুহূর্ত ভাইরাল
সংগৃহীত ছবি

বিয়ের কয়েক মাস পর অবশেষে হানিমুনে গেলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। স্বামী কাউসার মাহমুদের সঙ্গে শ্রীলঙ্কায় কাটানো বিশেষ মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। রোমান্টিক সেই ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

গত ঈদুল আজহার সময় নীলা জানান, দীর্ঘদিনের বন্ধু কাউসার মাহমুদকে বিয়ে করেছেন তিনি। যদিও তাদের বিয়ে সম্পন্ন হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। প্রায় সাত বছরের বন্ধুত্বের পর দুই পরিবারের সম্মতিতে নতুন জীবনের পথচলা শুরু করেন এই দম্পতি।

May be an image of one or more people, beach and ocean

কাজের ব্যস্ততায় বিয়ের পরপরই কোথাও ঘুরতে যেতে না পারলেও সম্প্রতি সময় বের করে হানিমুনের জন্য বেছে নেন শ্রীলঙ্কাকে। সেখানে সমুদ্র, পাহাড়, কুয়াশা আর সবুজ প্রকৃতির মাঝে দুজনকে দারুণ সময় কাটাতে দেখা গেছে।

হানিমুনের স্মৃতি ভাগ করে নিয়ে নীলা ফেসবুকে লিখেছেন, ‘এই ভ্রমণের অনুভূতি অসাধারণ। শুরু হয়েছিল আমাদের হানিমুন হিসেবে, ধীরে ধীরে তা আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠেছে।’

May be an image of one or more people

শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরো লেখেন, ‘সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা, দীর্ঘ পথের গাড়ি ভ্রমণ, নিঃশব্দ মুহূর্ত, আর হাসি—সব মিলিয়ে শ্রীলঙ্কা যেন আমাদের একসঙ্গে অনেক কিছুই উপহার দিয়েছে। আমি ফিরে এসেছি, কিন্তু এখনো সেই রেশটা রয়ে গেছে। মনে হচ্ছে, ঘোরাঘুরির মধ্যেই আছি। ঘোরাঘুরির আরো কিছু মুহূর্ত খুব শিগগির আপনাদের সঙ্গে ভাগাভাগি করব।’

বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণও তুলে ধরেছেন নীলা। তিনি বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু করি। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’

May be an image of waterfall

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। এরপর নাটক, বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে প্রেক্ষাগৃহে ফেরেন তিনি। নীলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

‘আলফা’ ট্রেলারে চমক হৃত্বিক রোশন

বিনোদন ডেস্ক
‘আলফা’ ট্রেলারে চমক হৃত্বিক রোশন
সংগৃহীত ছবি

অবশেষে প্রকাশ্যে এলো বলিউডের বহুল আলোচিত স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’র ট্রেলার। ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রথম নারী-কেন্দ্রিক এই সিনেমাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে গেছে।

২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় কাচের আবরণে রাখা এক নবজাতক শিশুকে। ভয়েসওভারে ভয়ংকর প্রতিপক্ষ ফতেহ চরিত্রে অভিনয় করা ববি দেওল জানান, শিশুটির নাম তিনি রেখেছেন ‘সীতা’। এরপরের দৃশ্যগুলোতে ইঙ্গিত মেলে, ছোটবেলা থেকেই তাকে এক দুর্ধর্ষ যোদ্ধা ও ঘাতক হিসেবে গড়ে তোলা হয়েছে।

ট্রেলারে আলিয়া ভাটকে দেখা যায় সীতা চরিত্রে। তার বর্ণনায় উঠে আসে ফতেহের নির্মমতা ও ক্ষমতার গল্প। তিনি জানান, এক রাজকন্যাকে অপহরণ করে তাকে অস্ত্রে পরিণত করা হয়েছিল। তবে এই গল্পে প্রচলিত পৌরাণিক কাহিনির মতো উদ্ধার পাওয়ার অপেক্ষায় থাকেন না সীতা। বরং নিজেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ফতেহের সাম্রাজ্য ধ্বংসের মিশনে নামেন।

অ্যাকশন, আবেগ ও রোমাঞ্চে ভরপুর ট্রেলারে আলিয়াকে দেখা গেছে সম্পূর্ণ নতুন অবতারে। পরে তার মিশনে যোগ দেন শারভারী। দুই নারী এজেন্টের প্রশিক্ষক ও পরামর্শকের ভূমিকায় রয়েছেন অনিল কাপুর।

তবে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ শেষের কয়েক সেকেন্ড। সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের চমকে দিয়েছেন হৃত্বিক রোশন। যদিও তার পুরো চেহারা দেখানো হয়নি, কেবল চোখের ঝলকই যথেষ্ট ছিল নতুন জল্পনা তৈরি করতে। এতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে, ‘আলফা’ সিনেমার গল্প সরাসরি ‘ওয়ার’ এবং ‘ওয়ার ২’-এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।

স্পাই ইউনিভার্সের এই নতুন অধ্যায় নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলফা’।

একই গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে ঘুরছেন আমির খান, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
একই গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে ঘুরছেন আমির খান, ভাইরাল ভিডিও
সংগৃহীত ছবি

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও আলোচনায়। এবার কারণ, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে একই গাড়িতে দেখা গেছে তাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ এবং প্রেমিকা তথা হবু স্ত্রী গৌরী স্প্র্যাট।

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দেখা যায়, প্রথমে গাড়িতে ওঠেন গৌরী স্প্র্যাট। এরপর একই গাড়িতে ওঠেন কিরণ রাও ও ছেলে আজাদ। সামনের আসনে বসেছিলেন আমির নিজে। গাড়ির কাচ তোলা থাকলেও হাসিমুখে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় অভিনেতাকে।

ভাইরাল হওয়া ভিডিওতে আরো দেখা যায়, পেছনের আসনে পাশাপাশি বসে গল্পে মেতে আছেন কিরণ রাও ও গৌরী স্প্র্যাট। তাদের মাঝখানে বসে ছিল আমিরের ছেলে আজাদ। এই দৃশ্যই নেটিজেনদের নজর কেড়েছে সবচেয়ে বেশি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘এই না হলে আমিরি কেতা!’ আবার কারো মন্তব্য, ‘লোকের একটি নিয়েই গলদঘর্ম, আর আমির একসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে ঘুরছেন!’ অন্যদিকে কেউ কেউ বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন।

তবে বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন নয়। প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের সঙ্গেই তিনি দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখেছেন। বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে।

এরই মধ্যে জানা গেছে, আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান। নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন জীবনে পা রাখবেন এই অভিনেতা। 

বিয়ের আগে প্রাক্তন ও হবু স্ত্রীকে ঘিরে এমন স্বাভাবিক ও আন্তরিক সম্পর্কের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব

বিনোদন প্রতিবেদক
শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব
সংগৃহীত ছবি

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী সংগীত উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২১ ও ২২ জুন জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সরকারের উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন কিংবদন্তি গীতিকবি মনিরুজ্জামান মনির।

উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন।

দুই দিনের আয়োজনেই সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, এরপর সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রজন্মের সংগীতশিল্পীরা পরিবেশন করবেন গান। 

আয়োজকরা জানিয়েছেন, উৎসবের সব আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।