ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার ২০২৬-এর দ্বিতীয় বিনিয়োগ (ইনভেস্টিচার) অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন ভারতীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তিন বিশিষ্ট তারকা—মালয়ালম সুপারস্টার মাম্মুট্টি, কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এবং অভিনেতা আর. মাধবন।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ সরকারের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পদ্মভূষণে সম্মানিত মাম্মুট্টি
এসময় ৭৪ বছর বয়সী মাম্মুট্টিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। এ সময় দর্শকসারিতে উপস্থিত ছিলেন তাঁর ছেলে ও জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। বাবাকে সম্মাননা নিতে দেখে করতালিতে শুভেচ্ছা জানান তিনি।
চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা মাম্মুট্টি ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। ১৯৮৯ সালে ‘ওরু ভাডাক্কান বীরগাথা’ ও ‘মাথিলুকাল’-এর জন্য প্রথমবার জাতীয় পুরস্কার জেতেন। পরে ‘বিদেয়ান’, ‘পোন্থান মাডা’ এবং ‘ড. বাবাসাহেব আম্বেদকর’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য আরও দুটি জাতীয় পুরস্কার অর্জন করেন।

অলকা ইয়াগনিকের ঝুলিতে পদ্মভূষণ
বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিকও এদিন পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। ‘খলনায়ক’ ছবির ‘চোলি কে পিছে’, ‘ধড়কন’-এর ‘দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে’, ‘হাম তুম’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’-এর ‘ঘুঙট কি আড় সে’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শিরোনাম গানসহ তাঁর অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে সমান জনপ্রিয়।

পদ্মশ্রী পেলেন আর. মাধবন
অভিনেতা ও নির্মাতা আর. মাধবনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সারিতা এবং ছেলে বেদান্ত। মাধবন মঞ্চে সম্মাননা নিতে উঠতেই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান পরিবারের সদস্যরা।
সম্মাননা গ্রহণের পর মাধবন বলেন, ‘আমি এটিকে শুধু একটি পুরস্কার হিসেবে দেখি না, এটি আমার জন্য একটি দায়িত্ব। এই সম্মানকে মর্যাদা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে বহন করার প্রতিশ্রুতি দিচ্ছি। এই স্বীকৃতির জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও সততা, বিনয় ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’

তামিল, তেলুগু ও হিন্দিসহ একাধিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন মাধবন। সম্প্রতি তিনি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করেন। এছাড়া ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তাঁর। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মে অনুষ্ঠিত পদ্ম পুরস্কারের প্রথম বিনিয়োগ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়েছিল। দ্বিতীয় পর্বে চলচ্চিত্র, সংগীত, সাহিত্য, সমাজসেবা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখা আরও বিশিষ্টজনদের হাতে আনুষ্ঠানিকভাবে পদ্ম সম্মান তুলে দেওয়া হয়।






