• ই-পেপার

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৭ থেকে ১৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। সেই সেগমেন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল অংশ নেবেন। সেগমেন্টে অংশগ্রহণ শেষে আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে। 

ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন।   

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট হলো—বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সহায়তার সমন্বয় সাধনের জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা ও দাতা দেশগুলোকে একত্রিত করে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয় সেগমেন্টে।  

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চলমান সংকট নিরসনে শুরু থেকেই বাংলাদেশ উত্তেজনা প্রশমন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে আসছে। শান্তিচুক্তি বাস্তবায়নের পথে অগ্রগতি অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করেছে বাংলাদেশ।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, চুক্তিটি আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘ মেয়াদে টেকসই ও কার্যকর শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিদ্যমান ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে বাকি সমস্যাগুলোও সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে বাংলাদেশ আশা করছে, এ চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্ত ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে এবং আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে সহায়তা করবে।

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

অনলাইন ডেস্ক
আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

চলতি মাসে আশুরার জন্য ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার আশুরা উপলক্ষে ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না তারা। সাপ্তাহিক ছুটির দিনে আশুরা পড়ায় এ উপলক্ষে আর অতিরিক্ত ছুটি মিলছে না।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর ছুটি ২৬ জুন (শুক্রবার)। নির্বাহী আদেশে এদিন ছুটি থাকে সরকারি দপ্তর। ছুটি থাকে শিক্ষাপ্রতিষ্ঠানও।

জানা গেছে, জিলহজ মাস ২৯ দিনে হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসাবে আশুরা ২৬ জুন (শুক্রবার)। আবার জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন (শনিবার)। সে ক্ষেত্রে আশুরার ছুটি পড়বে ২৭ জুন- অর্থাৎ শনিবার। শুক্র এবং শনিবার যথাক্রমে বাংলাদেশে সাপ্তাহিক ছুটি। সুতরাং এবার আশুরায় অতিরিক্ত ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা।

এদিকে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মহররম আরবি হিজরি সনের প্রথম মাস। মাসটির ১০ তারিখের দিনকে আশুরা বলা হয়। মহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। এ মাসের ১০ তারিখ ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা, কোথাও হতে পারে ভারি বর্ষণ

অনলাইন ডেস্ক
দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা, কোথাও হতে পারে ভারি বর্ষণ

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া কোথাও ভারি বর্ষণের আশঙ্কা করছে সংস্থাটি। 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে— রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে নেত্রকোনায় ৭৯ মিলিমিটার।