রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরসহ একাধিক গণমাধ্যমকর্মীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে এইচআরএসএস জানায়, আজ সকাল আটটার দিকে ধানমন্ডি-৩২ নম্বরের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। সমাবেশ শেষে ব্রিফিং চলাকালে কথা-কাটাকাটির জেরে কয়েকজন জামায়াত কর্মী দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। সেখানে উপস্থিত সাংবাদিকেরা এই মন্তব্যের প্রতিবাদ করলে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে। একপর্যায়ে জামায়াত কর্মীরা মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন সাংবাদিক লাঞ্ছনার শিকার হন।
মানবাধিকার সংগঠনটি মনে করে, সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা সাংবাদিকদের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এটি বস্তুনিষ্ঠ ও মুক্ত সাংবাদিকতার পরিবেশের জন্য বড় হুমকি। সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি একটি গুরুতর অপরাধ।
বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা ছাড়া মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।




