সবুজ ও সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে সারা দেশে চলছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় নাটোরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় নাটোরের কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিবেশের বিপর্যয় রোধে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যেতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের এই যৌথ প্রয়াস। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করুক এবং সেটির সঠিক যত্ন নিক।
সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, ‘সারা দেশে সবুজায়নের যে মহৎ উদ্যোগ বসুন্ধরা গ্রুপ গ্রহণ করেছে, নাটোর জেলা শাখা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তা বাস্তবায়ন করছে। এই সামাজিক ও পরিবেশবান্ধব আন্দোলনকে বেগবান করতে তরুণ সমাজকে আরো এগিয়ে আসতে হবে। সমাজ বিনির্মাণ ও মানবকল্যাণে শুভসংঘ সব সময় শুভ কাজের পাশে থাকবে।’
মাদরাসার শিক্ষকমণ্ডলী বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষকমণ্ডলীর পাশাপাশি বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম, রায়হান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসিফ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. রাহুল আল আমিন, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক চাঁদ খামারু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং কার্যকরী সদস্য মো. ইলিয়াস শেখ, তুষার ইমরান ও ফাতেমা খাতুন।











