বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে ‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সেন্ট্রাল ফিল্ডের চারপাশ এবং বিভিন্ন আবাসিক হল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ তরুণ সমাজকে সঙ্গে নিয়ে দেশজুড়ে যে সবুজায়নের উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রাকৃতিক ও জীববৈচিত্র্যসমৃদ্ধ ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি করবে। আমরা আশা করি, আজ রোপণ করা চারাগুলো ভবিষ্যতে ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত ও সবুজ করে তুলবে।’
কর্মসূচি শেষে অনুভূতি প্রকাশ করে বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সভাপতি প্রত্যাশা রানী বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আমাদের ক্যাম্পাসে সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ক্যাম্পাসকে আরো সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করবে। এ মহৎ উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে কর্মসূচি সফল করতে যারা সহযোগিতা করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আসুন, শুধু গাছ লাগিয়েই নয়, সঠিক পরিচর্যার মাধ্যমেও একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।’





