খেলার উন্মাদনার মাঝেও শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। তার কণ্ঠে প্রকাশিত নতুন রোম্যান্টিক ড্যান্স ট্র্যাক ‘বসন্তের কোকিল’ মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছে।
অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটি মুক্তির প্রথম দিনেই ৮১ হাজারের বেশি ভিউ অর্জন করেছে। অল্প সময়ের মধ্যেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং শ্রোতাদের ইতিবাচক মন্তব্য কুড়াচ্ছে। গানটির প্রাণবন্ত সুরের পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনেত্রী অলংকার চৌধুরীর পারফরম্যান্সও দর্শকদের নজর কেড়েছে।
‘বসন্তের কোকিল’ গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই সংগীত পরিচালক।
নতুন গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়। এটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’
গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ। ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী।





