• ই-পেপার

হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে

মেসি জাদুতে লিড নিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
মেসি জাদুতে লিড নিল আর্জেন্টিনা
গোল করার পর দু হাত ছড়িয়ে মেসির উদযাপন। ছবি : রয়টার্স

ম্যাচের শুরুটাই হলো নাটকীয়তায়। গোল পেল আর্জেন্টিনা-আলজেরিয়া দু দলই। তবে দুদলের কারোই উদযাপন পূর্ণতা পেল না। পাবে কি করে? অফসাইডের কারণে যে দুটি গোলই বাতিল হয়েছে।

লিওনেল মেসির বিপরীতে তাই আলজেরিয়ার ফরোয়ার্ড ফারেস চাইবির আনন্দটাও মাটি। তবে ১৭ মিনিটে ঠিকই পাখির মতো ডানা মেলে উড়ার আনন্দটা পেলেন মেসি। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান চেষ্টা করলেও প্রতিহত করতে পারেনি বলটিতে পাওয়ার বেশি থাকায়।

এবারের বিশ্বকাপের প্রথম গোলে কিলিয়ান এমবাপ্পের কীর্তিতে ভাগ বসালেন মেসি। কয়েক ঘণ্টা আগেই আর্জেন্টিনার অধিনায়ককে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায় তিনে জায়গা করে নিয়েছিলেন এমবাপ্পে। এবার ফরাসি অধিনায়ককে ছুঁয়ে ফেললেন মেসি। দুজনের সঙ্গে সমান ১৪ গোল নিয়ে যৌথভাবে তিনে আছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। 

এর আগে কানসাস সিটিতে মাঠে নেমেই আরেক কীর্তি গড়েছেন মেসি। ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েন পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল–মুতওয়া। আর্জেন্টিনার হয়ে তিনিই যে প্রথম সেটা আর না বললেও চলে।

এমন মাইলফলক গড়ার ম্যাচে ষষ্ঠ মিনিটে জালের দেখা পেয়েছিলেন মেসি। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় আর্জেন্টিনার অধিনায়কের গোলটি। ৮ মিনিটে গোলের দেখা পেয়েছিল আলজেরিয়াও। এবার অফসাইডের কারণে বাতিল হয় চাইবির গোলটিও।

দেখে নিন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক
দেখে নিন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সারছেন বল পায়ে মেসি। ছবি : রয়টার্স

স্বাধীনতা অর্জনের চেয়ে নাকি রক্ষা করা কঠিন। সেই কঠিন কাজটা করতেই এবারের বিশ্বকাপে নামবে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

প্রথম ম্যাচে কোচ লিওনেল স্কালোনির সেনারা কারা হবেন তা জানা গেছে। শিরোপা ধরে রাখার অভিযানে লিওনেল মেসিকে নিয়েই একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনার কোচ। তার সঙ্গে আক্রমণভাগে আছেন লাওতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদা।

 

বিপরীতে প্রথম ম্যাচে গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেজকে পাওয়া যাবে কিনা তা নিয়ে যে শঙ্কা জেগেছিল সেটা দূর হয়েছে। তিন কাঠির নিচে অ্যাস্টন ভিলার গোলরক্ষকের হাতেই দায়িত্ব থাকছে আর্জেন্টিনার গোল বাঁচানোর। ৪-৩-৩ ফর্মেশনে খেলবে আলবিসেলেস্তারা।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।

স্বপ্নের অভিষেক হালান্ডের

ক্রীড়া ডেস্ক
স্বপ্নের অভিষেক হালান্ডের
অভিষেকে গোল করেছেন হালান্ড। ছবি : রয়টার্স

স্বপ্নের অভিষেক আর্লিং হালান্ডের। বিশ্বকাপের অভিষেকে জোড়া গোল পেয়েছেন তিনি। হ্যাটট্রিক করার সুযোগ অবশ্য আছে তার সামনে। এখনো অর্ধেক ম্যাচ বাকি। 

তবে ইতিমধ্যে একটা দুর্দান্ত মাইলফলক গড়েছেন হালান্ড। ২৯ মিনিটে অভিষেক গোল পান তিনি। তাতে অভিষেকে গোল পাওয়ার দারুণ কীর্তি গড়েছেন নরওয়ের স্ট্রাইকার। ক্লাব ফুটবলের শীর্ষ লিগে প্রথম ম্যাচে গোল করার কীর্তিটা এবার বিশ্বকাপেও টেনে আনলেন তিনি।

 

আজ ইরাকের বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচে গোল করা হালান্ড এর আগে এই কীর্তি গড়েছেন চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও প্রিমিয়ার লিগে। বিরতিতে যাওয়ার আগে বিশ্বকাপে দ্বিতীয় গোলটিও পেয়েছেন তিনি। 

ম্যাচের ৪৩ মিনিটে পাওয়া হালান্ডের গোলটিতে অবশ্য অবদান রয়েছে ইরাকের এক ডিফেন্ডারের। সেই ডিফেন্ডার ব্যাক পাস করলে গোলরক্ষক জালাল হাসান দ্রুত শট নিলে একদম কাছাকাছি থাকা হালান্ডের পায়ে লেগে জালে জড়ায় বল। তার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে নরওয়ে।

প্রথমার্ধ শেষে স্কোর ২-১। ৩৯ মিনিটে ইরাকের হয়ে ব্যবধান কমান আয়মান হুসেইন। যোগ করা সময়ে অবশ্য সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ইরাক। কিন্তু তাদের কপাল খারাপ। তৃতীয় মিনিটে ইব্রাহিম বায়েসের শট অবিশ্বাস্যভাবে ব্লক করেন মোলার উলফ। ২ মিনিট পর অল্পের জন্য একটি শট বাইরে যায়। আবার রেফারি বিরতির বাঁশি দেওয়ার আগে আকাম হাশিমের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

একসঙ্গে ৩ কিংবদন্তিকে পেছনে ফেললেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
একসঙ্গে ৩ কিংবদন্তিকে পেছনে ফেললেন এমবাপ্পে
গোলের পর এমবাপ্পের চিরচেনা উদযাপন। ছবি : রয়টার্স

প্রতিভার পরিচয় অনেক আগেই দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এখন শুধুই পদচিহ্ন রেখে যাওয়ার পালা। সেই কাজও সুনিপুণভাবে করে যাচ্ছেন। ২৭ বছর বয়সেই তো নিজেকে এমন এক পর্যায়ে নিয়েছেন যেখানে অনেকে ক্যারিয়ার শেষেও পৌঁছাতে পারেন না। স্বপ্ন স্বপ্নই থেকে যায় তাদের।

তাই ম্যাচে নামলে কিংবা গোল করলেই কোনো না কোনো রেকর্ড গড়ে বসেন এমবাপ্পে। আজ যেমন নিউ জার্সি/নিউ ইয়র্ক স্টেডিয়ামে রেকর্ড গড়লেন। তাতে একসঙ্গে তিন কিংবদন্তিকে পেছনে ফেললেন তিনি। সেই তিন কিংবদন্তি হচ্ছেন-অলিভিয়ের জিরু, জা ফঁতে ও লিওনেল মেসি।

সেনেগালের বিপক্ষে জোড়া গোলের প্রথমটিতে তিন কিংবদন্তির পাশে বসেন এমবাপ্পে। বসার সুযোগ পেয়ে পরে দ্বিতীয় গোলে সবাইকে ছাড়িয়ে যান ফ্রান্সের অধিনায়ক। ফঁতে-মেসির কীর্তিটা বিশ্বকাপের। সর্বোচ্চ গোলের তালিকায় এতদিন ১৩ গোল নিয়ে তিনে ছিলেন দুজনই। আজ দুজনকে চারে ঠেলে তিনে ওঠেন এমবাপ্পে। 

বিশ্বকাপে এখন ১৪ গোল এমবাপ্পের। তার মতো সমান গোল জার্মানির সাবেক ফরোয়ার্ড গার্ড মুলারেরও। মেসি-ফঁতেকে পেছনে ফেললেও তার সামনে আছেন আরও দুই কিংবদন্তি। ১৫ গোল নিয়ে দুইয়ে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। বিপরীতে ১৬ গোলে চূড়ায় জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। দুজনকেই পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার।

অন্যদিকে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়েছেন এমবাপ্পে। এতদিন ৫৭ গোল নিয়ে চূড়ায় ছিলেন জিরু। আজ জোড়া গোল করে সাবেক সতীর্থকে পেছনে ফেললেন তিনি। ৫৮ গোলের সংখ্যা এখন তরতারিয়ে বাড়িয়ে নেওয়ার পালা তার।