• ই-পেপার

আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার
ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১৪ মে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যেকোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল।

ইনুর বিরুদ্ধে এই মামলায় মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেওয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়া ইত্যাদি।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। তাদের গুলিতে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হয় বহু নিরীহ মানুষ। এর পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আটটি অভিযোগ এনে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন।

তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন

অনলাইন ডেস্ক
তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন
সংগৃহীত ছবি

দুই হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম জামিন পেয়েছেন। সোমবার (২৯ জুন) জামিন আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজের জামিনের বিষয়ে রুল জারি হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছে হাইকোর্ট।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমণ্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ (সংরক্ষিত) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

ফের রিমান্ডে সাবেক মহিলা এমপি আশিকা

নিজস্ব প্রতিবেদক
ফের রিমান্ডে সাবেক মহিলা এমপি আশিকা
নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানা। ছবি : কালের কণ্ঠ

রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান’ দেন। এ সময় তিনি বলেন, ‘আমি কী করেছি, কী অপরাধ আমার যে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে?’

এর আগে একই মামলায় গত শুক্রবার থেকে তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। আজ আসামিকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আল মামুন হোসাইন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আশিকা সুলতানার আইনজীবী শাহাব উদ্দিন রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাবেক এ এমপি গত শুক্রবার থেকে এই মামলায় রিমান্ডে ছিল। একজন মহিলা মানুষকে বারবার একই মামলায় রিমান্ডে নেওয়া মানবাধিকার লঙ্ঘন, যা আমরা আদালতে রিমান্ড শুনানিতে বলেছি। কিন্তু আদালত রিমান্ড শুনানি শেষে তাকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।’

এর আগে গত বৃহস্পতিবার আশিকা সুলতানাকে রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর ১১ থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুন মিরপুর-১-এর এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০/৫০ জন সরকারবিরোধী মিছিল বের করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার-ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজে দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। 

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই ঘটনার সঙ্গে আসামি আশিকা সুলতানা জড়িত আছে। তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা বলেও পুলিশ দাবি করেন। সুতরাং মিছিলের মূল রহস্য উদঘাটন, পলাতকদের গ্রেপ্তার ও আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিলের নেতৃত্বদানকারীদের রহস্য উদঘাটনে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তদন্ত কর্মকর্তা।

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

শুনানিকালে কারাগার থেকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার দেখানোর শুনানিতে আসামি পক্ষের আইনজীবী সামসুর রহমান বাদল বলেন, ‘সাবেক এই এমপিকে হাইকোর্ট ডিভিশন থেকে ইতিমধ্যে রমনা থানা মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। যখন তিনি মুক্তি পাবেন তখনই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আরেক মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হচ্ছে। এই মামলায় এজাহারে আসামির নাম নেই। তাকে  রাজনৈতিক হয়রানি করতে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আসামি শারীরিকভাবে অসুস্থ বয়স বিবেচনায় তাকে এই মামলায় গ্রেপ্তার না দেখানোর প্রার্থনাও করা হয়েছে।’

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েক শ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায়  ২০২৪ সালের ২২ অগাস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল তাকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।